| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫১ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-08-2026 ইং
  • 110 বার পঠিত
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫১ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ
ছবির ক্যাপশন: আসামিসহ বিপুল ভারতীয় ট্যাবলেট, মদ, সিরাপ ও পাতার বিড়ি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার সীমান্তজুড়ে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পৃথক অভিযানে এক আসামিকে আটকসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫১ লাখ ৪৫ হাজার ১৯০ টাকা।

বিজিবি সূত্র জানায়, বুধবার (১২ আগস্ট) রাতে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দৌলতপুর সীমান্তের চরচিলমারী বিওপির আওতাধীন আতারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে পরিচালিত এ অভিযানে মো. মঞ্জু মাতবর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ৪ হাজার ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ও ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা।

এর মাত্র কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৫ বোতল ভারতীয় মদ, ৪ হাজার পিস ডেক্সামেথাসন, ৯১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৫৮ প্যাকেট পাতার বিড়ি। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৮৩ হাজার ৬৯০ টাকা।

এর আগে একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে মথুরাপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৪১/এমপি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর মাঠে অভিযান চালায় বিজিবি। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৬ লাখ ৯ হাজার টাকা।

অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ, ৯৯৫ পিস ডেক্সামেথাসন ও ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৮৯ হাজার টাকা।

একই সময়ে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ পুরাতন ঠোটারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৬ হাজার ৬০০ টাকা।

এ ছাড়া ভোর ৫টার দিকে ঠোটারপাড়া বিওপির আওতাধীন পাকুরিয়া মাঠে আরেক অভিযানে ৩ বোতল ভারতীয় মদ, ১ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪ বোতল স্কাপ সিরাপ, ১ বোতল জেরিস্কাহ সিরাপ, ১০০ পিস ডেক্সামেথাসন ও ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ চালানের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৬ হাজার ৯০০ টাকা।

এক রাত ও ভোরের কয়েক ঘণ্টায় সীমান্তের একাধিক পয়েন্টে ধারাবাহিক এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধারের ঘটনায় সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে। বিশেষ করে বিভিন্ন ধরনের ওষুধের আড়ালে ভারতীয় মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করার প্রয়োজনীয়তাও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে তাদের অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

সীমান্তবাসীর প্রত্যাশা—মাদকের ভয়াল বিস্তার রোধে শুধু চালান আটক নয়, এর নেপথ্যে থাকা চোরাচালান চক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তাহলেই সীমান্ত দিয়ে মাদক প্রবেশের পথ স্থায়ীভাবে সংকুচিত করা সম্ভব হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম