কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদী এবং হরিপুর সেতুকেন্দ্রিক বিনোদনের আড়ালে উচ্চস্বরে গানবাজনা, অশ্লীলতা ও জনদুর্ভোগের অভিযোগ ঠেকাতে উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এ বিষয়ে নৌকা ব্যবসায়ী ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
মতবিনিময় সভায় পুলিশ সুপার নদী ও সেতুকেন্দ্রিক বিনোদনকে শৃঙ্খলার মধ্যে রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নৌকায় ঘোরাঘুরি বা বিনোদনের নামে যেন উচ্চস্বরে গানবাজনা, অশ্লীলতা কিংবা এমন কোনো কর্মকাণ্ড না ঘটে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ও সামাজিক পরিবেশকে ব্যাহত করে।
বিশেষ করে রাতের বেলায় গড়াই নদীতে নৌকায় উচ্চস্বরে গানবাজনা ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধে নৌকা ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। এ জন্য সন্ধ্যার পর নৌকা চলাচল বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ জানান তিনি।
সভায় নৌকা ব্যবসায়ী ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়। নদী ও সেতুকেন্দ্রিক বিনোদনকে নিরাপদ, শালীন ও পরিবারবান্ধব রাখতে ব্যবসায়ীদের পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়।
পুলিশের এই উদ্যোগকে নদীকেন্দ্রিক বিনোদনস্থলগুলোতে শৃঙ্খলা ফেরানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে সন্ধ্যার পর নদীর বিভিন্ন এলাকায় নৌকায় উচ্চস্বরে গানবাজনা ও অসামাজিক কর্মকাণ্ডের কারণে আশপাশের পরিবেশে বিরূপ প্রভাব পড়ে। এমন পরিস্থিতিতে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ জাকির হোসেন, ডিআইও-১ (ডিএসবি), কুষ্টিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নদী ও হরিপুর সেতুকেন্দ্রিক এলাকায় জনশৃঙ্খলা, সামাজিক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |