কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা গ্রামের ‘বংশীতলা শৈলগাড়ী সড়ক’ পাকা করার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, সরকারি শিডিউল লঙ্ঘন ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সড়কটির নির্মাণকাজের সুষ্ঠু তদন্ত, অনিয়মের প্রতিকার এবং গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে কুষ্টিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কাছে গ্রামবাসীর পক্ষে গণস্বাক্ষর সংবলিত একটি লিখিত আবেদন দেওয়া হয়েছে। আবেদনে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
আবেদনে উল্লেখ করা হয়েছে, এলজিইডির অধীনে সড়কটির উন্নয়নকাজ চলমান রয়েছে। প্রকল্পটির সড়ক আইডি নম্বর ২৫০৭৯৫৫২৬ এবং ই-জিপি টেন্ডার আইডি ১১৯৯৯৩১। কাজটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান: মেসার্স একরামুল হক, যার স্বত্বাধিকারী মো. একরামুল হক।
আবেদনে উল্লেখ করা পাঁচটি সড়ক হলো—বংশীতলা-সোলগাড়ী সড়কের শূন্য থেকে এক হাজার মিটার, পূর্ব আব্দালপুর পূর্বপাড়া জামে মসজিদ-কালী নদী শিতালীডাঙ্গা সড়কের শূন্য থেকে এক হাজার ১৫০ মিটার, নওয়াপাড়া পাকা সড়কের চুলকানী মোড়-রূপনগর সড়কের শূন্য থেকে এক হাজার ১০০ মিটার, আসাননগর আজিজল আলীর বাড়ি-তমিজ মোড় সড়কের শূন্য থেকে এক হাজার ৫০০ মিটার এবং বটতৈল মধ্যপাড়া জাতীয় ঈদগাহ আরঅ্যান্ডএইচ-বিশ্বাসপাড়া সড়কের শূন্য থেকে ৪২০ মিটার উন্নয়নকাজ।
গ্রামবাসীর অভিযোগ, সড়কের খনন ও ভরাটের পর ব্যবহৃত রাবিশ অত্যন্ত নিম্নমানের এবং সরকারি শিডিউলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একইভাবে সড়কের সাব-বেজসহ বিভিন্ন পর্যায়ে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এতে নির্মাণকাজ শেষ হওয়ার পর অল্প সময়ের মধ্যেই সড়কটি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। কুষ্টিয়া এলজিডি নির্বাহী প্রকৌশলীর নিকট আবেদন দেয়ার পরেও নিম্নমানের সামগ্রী দিয়ে কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলী রোশান আহমেদের তত্ত্বাবধান কাজ চলমান রয়েছে।
যার প্রেক্ষাপটে আবেদন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। গ্রামবাসীর দাবি, তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানেই এসব অনিয়ম সংঘটিত হচ্ছে। এলজিইডির অন্যান্য ঠিকাদারগণের সাথে যোগাযোগ করা হলে নাম না প্রকাশ করার শর্তে তাঁরা অভিযোগ করেন, রোশান আহমেদের অতিরিক্ত ঘুষের চাহিদা মেটাতে ঠিকাদারগণ স্বর্বশান্ত হয়ে যাচ্ছে ও ঠিকমতো কাজ করতে পারছে না। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও প্রকল্পের বাস্তব অবস্থা সরেজমিন যাচাই করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা বলেন, একটি সড়ক নির্মাণে সরকারের বিপুল অর্থ ব্যয় হয়। অথচ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে না। অল্প দিনের মধ্যে সড়কটি নষ্ট হয়ে গেলে আবারও সংস্কারের প্রয়োজন হবে, যা সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে।
আবেদনে গ্রামবাসীর পক্ষ থেকে তিনটি প্রধান দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, অবিলম্বে সরেজমিনে কাজ পরিদর্শন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, নিম্নমানের ইট ও শিডিউলবহির্ভূত রাবিশ অপসারণ এবং সরকারি প্রাক্কলন ও নির্ধারিত কারিগরি মান অনুসরণ করে নির্মাণকাজ সম্পন্ন করা।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রকল্পের নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষা এবং কাজের প্রতিটি ধাপ যথাযথভাবে যাচাই করবে। কারণ, উন্নয়ন মানে শুধু রাস্তা নির্মাণ নয়; সেই রাস্তার স্থায়িত্ব, নিরাপত্তা ও জনস্বার্থ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলী রোশান আহমেদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর প্রত্যাশা, অভিযোগকে নিছক লিখিত আবেদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। নির্মাণসামগ্রীর নমুনা পরীক্ষা, কাজের পরিমাপ যাচাই এবং প্রতিটি ধাপের কারিগরি মান নিশ্চিত করা হবে। কারণ, উন্নয়ন প্রকল্পের সাফল্য শুধু সড়ক নির্মাণে নয়, বরং সেই সড়কের স্থায়িত্ব, নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার মধ্যেই নিহিত।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |