বিশেষ প্রতিবেদক :
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রথমবারের মতো চালু হওয়া এ সম্পূরক পরীক্ষার মাধ্যমে অকৃতকার্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা বোর্ড প্রকাশিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী, প্রথম দিন ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। আর ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে সম্পূরক পরীক্ষার কার্যক্রম শেষ হবে।
প্রকাশিত সূচি অনুযায়ী, প্রতিটি বিষয়ের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম পত্রের পরীক্ষা এবং দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।
ব্যবহারিক পরীক্ষার বিষয়ে শিক্ষা বোর্ড জানিয়েছে, আগের পরীক্ষায় প্রাপ্ত ব্যবহারিক নম্বর বহাল থাকবে। তবে যেসব পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন কিংবা অনুপস্থিত ছিলেন, শুধু তাঁদেরই নতুন করে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অধ্যক্ষের কাছ থেকে জেনে নিতে বলা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে অনলাইনে নম্বর এন্ট্রি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক—প্রযোজ্য ক্ষেত্রে—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এবার প্রথমবারের মতো চালু হওয়া এই সম্পূরক পরীক্ষায় কতজন শিক্ষার্থী অংশ নিচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের দিনই শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার আয়োজন করা হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা গত ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করার সুযোগ পান।
শিক্ষাবিদদের মতে, সম্পূরক পরীক্ষার এ উদ্যোগ অকৃতকার্য শিক্ষার্থীদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করবে। একই সঙ্গে একটি বা দুটি বিষয়ে ব্যর্থতার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে দীর্ঘ বিরতি কিংবা অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কাও কমবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |