কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
সীমান্তজুড়ে মাদকের অন্ধকার ছায়া ভেদ করে আবারও সফল অভিযানের নজির স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর ধারাবাহিক ও গোয়েন্দা-তথ্যভিত্তিক অভিযানে প্রায় ৬ লাখ ৫৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১২০ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ বোতল ভারতীয় মদ এবং ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালিত হয়। সীমান্ত দিয়ে মাদক পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে—এমন তথ্যের প্রেক্ষিতে নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য আটক করা সম্ভব হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক পাচার, চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সীমান্ত অঞ্চলে বিজিবির এমন ধারাবাহিক সফল অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। সচেতন মহল মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃঢ় তৎপরতায় কুষ্টিয়া সীমান্তে মাদক পাচার রোধে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ সমাজ রক্ষা পাবে মাদকের ভয়াল থাবা থেকে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |