কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা, গণতান্ত্রিক কাঠামো ও নিয়মিত খেলাধুলা আয়োজনের দাবিতে কুষ্টিয়ার সাধারণ খেলোয়াড়রা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। এক সদস্যবিশিষ্ট (সদস্য সচিব) কমিটি বাতিল এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্লাব ও সাধারণ খেলোয়াড়রা অংশ নেন। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়াম ক্রীড়াপ্রেমীদের প্রাণকেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে নিয়মিত টুর্নামেন্ট, লিগ ও প্রশিক্ষণ কার্যক্রমের অভাবে খেলোয়াড়রা হতাশ হয়ে পড়ছেন। এক সদস্যবিশিষ্ট কমিটির মাধ্যমে ক্রীড়া কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি তৈরি হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
খেলোয়াড়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও প্রতিনিধিত্বশীল কমিটি গঠন করে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন ইভেন্টের নিয়মিত আয়োজন নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়নেরও আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা ক্রীড়া কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনা, প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি এবং জেলার তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।
ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা—প্রশাসনের দ্রুত ও ইতিবাচক পদক্ষেপে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, মাঠে গর্জে উঠবে দর্শকের করতালি, আর নতুন প্রজন্ম খুঁজে পাবে স্বপ্নপূরণের এক উন্মুক্ত অঙ্গন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |