কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর পুস্তিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুস্তিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। এ সময় তিনি শিক্ষাঙ্গনে নিরাপদ, সম্মানজনক ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তুলতে এ নীতিমালার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রণীত ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ নীতিমালা, ২০০৮’-এর আলোকে প্রণীত ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ চলতি বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭২তম সভায় অনুমোদিত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধকল্পে গঠিত কমিটির উদ্যোগে নীতিমালাটি পুস্তিকাকারে প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যৌন হয়রানি প্রতিরোধকল্পে গঠিত কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মোছা. হামিদা খাতুন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছা. খোদেজা খাতুন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মুহা. শরিফুল ইসলাম এবং কমিটির সদস্য সচিব ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মুহাম্মদ ইব্রাহিম খলিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, নীতিমালাটির পুস্তিকাকারে প্রকাশ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং যৌন হয়রানি প্রতিরোধে একটি কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |