কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে কারও চোখে-মুখে স্বস্তির হাসি, আবার কারও কণ্ঠে কৃতজ্ঞতার সুর। প্রযুক্তির আধুনিক ব্যবহারে কুষ্টিয়ায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় উদ্ধার করা হয়েছে ৪৫টি হারানো মোবাইল ফোন। পরে এসব মোবাইল ফোন শনাক্ত করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন পর নিজেদের ব্যবহৃত প্রয়োজনীয় ও প্রিয় স্মার্টফোন ফিরে পাওয়ায় তারা কুষ্টিয়া জেলা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, মোবাইল ফোন হারানো কিংবা চুরির ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগকে গুরুত্ব দিয়ে প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। হারানো মোবাইল উদ্ধারের পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতেও পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কারও মোবাইল ফোন হারিয়ে গেলে কিংবা চুরি হলে দেরি না করে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) অথবা মামলা করতে হবে। সময়মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল উদ্ধারের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়ার কর্মকর্তা ও সদস্যরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, দক্ষ তদন্ত ও পুলিশের আন্তরিক প্রচেষ্টায় হারানো সম্পদ উদ্ধারের এ উদ্যোগ জনসাধারণের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে মোবাইল চুরি ও ছিনতাই প্রতিরোধেও এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |