| বঙ্গাব্দ
ad728
ad728

মিরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, নারী পথচারীও বিদ্ধ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 07-08-2026 ইং
  • 256 বার পঠিত
মিরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, নারী পথচারীও বিদ্ধ
ছবির ক্যাপশন: রাজনৈতিক বিরোধের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত আলমগীর ঢামেকে

ঢাকা প্রতিনিধি | ৭ আগস্ট ২০২৬

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় মো. আলমগীর (৫৫) নামে এক বিএনপি নেতা ও মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় রাজিয়া নামে এক নারী পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আলমগীরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। আহত নারীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, বিকেলে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ২ নম্বর সড়কের একটি চায়ের দোকানের সামনে আলমগীর অবস্থান করছিলেন। এ সময় একটি প্রাইভেটকারে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের ভাষ্য, হামলাকারীরা অন্তত তিন রাউন্ড গুলি ছোড়ে।

এলোপাতাড়ি গুলিতে আলমগীরের মাথার ডান পাশ, পেটের ডান পাশ ও ডান উরুতে গুলি লাগে। একই ঘটনায় সেখানে থাকা এক নারী পথচারীও আহত হন। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আলমগীরের চাচা মো. আশিক অভিযোগ করেন, স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত রুবেল ও বাপ্পাসহ চারজন একটি প্রাইভেটকারে এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি করেন। তবে তাঁর এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্বজনরা জানান, গুলির শব্দের পর স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে স্বজনরা গুরুতর আহত আলমগীরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বশীর বলেন, “দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি ছুড়েছে। এতে আলমগীরসহ একজন নারী আহত হয়েছেন। ঘটনার তদন্ত এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে কাজ চলছে।”

স্বজনদের ধারণা, রাজনৈতিক বিরোধের জের ধরেই আলমগীরকে লক্ষ্য করে এ হামলা হয়ে থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী। পাশাপাশি তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্বজনরা জানিয়েছেন। তিনি মিরপুর-১১ নম্বরের ৩ নম্বর সড়কের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম