কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
দীর্ঘ অপেক্ষার পর কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী যুবদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সাত সদস্যের আংশিক কমিটিতে ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি এবং জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ২০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ কমিটির অনুমোদন দেয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া মিলন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোজাক্কির রহমান রাব্বিকে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটিটি অনুমোদন করেন।
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
কমিটি ঘোষণার পর কুষ্টিয়ায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। ২৩ সেপ্টেম্বর নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা মিছিলে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
নবগঠিত কমিটির সভাপতি ফুহাদ রেজা ফাহিম বলেন, কেন্দ্রীয় যুবদল যে দায়িত্ব দিয়েছে, তা দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে পালন করবেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে জেলা যুবদলকে সংগঠিত ও গতিশীল করার কথাও জানান তিনি।
এদিকে নতুন কমিটির সামনে এখন মূল চ্যালেঞ্জ পূর্ণাঙ্গ কমিটি গঠন। ১০১ সদস্যের কমিটিতে তৃণমূলের নেতাকর্মীদের অন্তর্ভুক্তি, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম সমন্বয়ের দিকে নজর থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে। কেন্দ্রের নির্ধারিত সময়সীমার মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে।
নবগঠিত কুষ্টিয়া জেলা যুবদল
সভাপতি: ফুহাদ রেজা ফাহিম
সিনিয়র সহ-সভাপতি: মোস্তাফিজুর রহমান সুমন
সহ-সভাপতি: জাকারিয়া মিলন
১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক: রাশেদুল ইসলাম রাশেদ
যুগ্ম সাধারণ সম্পাদক: জব্বার মিলন
সাংগঠনিক সম্পাদক: মোজাক্কির রহমান রাব্বি
সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান জনি
এটি পূর্ণাঙ্গ কমিটি নয়; কেন্দ্রীয় যুবদলের অনুমোদিত ৭ সদস্যের আংশিক কমিটি। পূর্ণাঙ্গ কমিটি হবে ১০১ সদস্যের।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |