কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এ সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর অপরাধ, চুরি, দস্যুতা ও ডাকাতিসহ নানা অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ। তিনি অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সমাজ থেকে অপরাধ ও অপরাধপ্রবণতা দূর করতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়; পাশাপাশি প্রয়োজন স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগ। বিশেষ করে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন অর রশিদ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় সাধারণ জনগণ।
সভায় বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য প্রদান এবং সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় জনগণের অংশগ্রহণে এ ধরনের কমিউনিটি পুলিশিং সভা অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |