কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
অমর একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা, নীরবতা আর আবেগঘন পরিবেশে ভাষা শহীদদের স্মরণ করল কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা পুলিশ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়ার সম্মানিত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এ সময় তাঁদের সঙ্গে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের মুহূর্তে চারপাশে ভেসে ওঠে কালজয়ী গান—আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি—যার সুরে সৃষ্টি হয় এক গভীর আবেগঘন পরিবেশ।
শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব প্রণব কুমার সরকার, অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা, ডিআইও (১) ডিএসবি, কুষ্টিয়া এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
একুশ মানে মাথা নত না করার অঙ্গীকার; একুশ মানে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের ইতিহাস। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত। সেই গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণে জেলা প্রশাসন ও পুলিশের এই শ্রদ্ধা নিবেদন ছিল দায়িত্ববোধ, কৃতজ্ঞতা ও দেশপ্রেমের এক অনন্য বহিঃপ্রকাশ।
মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের আদর্শে উজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তাগণ। শ্রদ্ধা, শোক ও গর্বে ভাসমান সেই ক্ষণিক মুহূর্তে যেন আবারও প্রতিধ্বনিত হলো জাতির অঙ্গীকার—বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমরা সদা সচেষ্ট থাকব।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |