কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পরিকল্পিতভাবে সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডের চার মাস পেরিয়ে গেলেও এখনো বিচার না পাওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। মালিহাদ ইউনিয়নের মালিহাদ ৬ নম্বর ওয়ার্ডের জদ্দার পাড়া এলাকার বাসিন্দা রানা মালিথা হত্যার শিকার হন গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায়। পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশীরাই তাকে হত্যা করে, কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই।
নিহত রানা মালিথা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন। জীবিকার তাগিদে দিনমজুর হিসেবে কাজ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি আজ চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপনের মধ্যে পড়ে গেছে।
রানা মালিথার স্ত্রী মমতাজ বেগমের চোখে আজও সেই বিভীষিকাময় দিনের ছাপ স্পষ্ট। তিনি বলেন, “আমার স্বামীকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। চার মাস হয়ে গেল, কিন্তু আমরা এখনো কোনো বিচার পাইনি। আমরা গরিব বলেই কি আমাদের ন্যায়বিচার মিলবে না?”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ছিল অত্যন্ত মর্মান্তিক ও ন্যাক্কারজনক। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকাবাসীর মতে, এ ধরনের অপরাধের বিচার না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হবে।
বর্তমানে পরিবারটি মানবিক সহায়তার পাশাপাশি ন্যায়বিচারের আশায় দিন গুনছে। তাদের একটাই প্রত্যাশা—প্রশাসন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবে।
এই ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। তাদের মতে, বিচারহীনতার সংস্কৃতি রোধে এ ধরনের ঘটনার দ্রুত নিষ্পত্তি সময়ের দাবি।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |