কুষ্টিয়া প্রতিনিধি
মানবতার সেবায় এগিয়ে আসার প্রত্যয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি। কুষ্টিয়া মেডিকেল কলেজের ‘মেডিসিন ক্লাব’-এর উদ্যোগে এবং রক্তিমা, ভয়েস ও তারুণ্যের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় শুরু হয় দিনব্যাপী এ মানবিক আয়োজন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এবং স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. মো. সিরাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের যৌথ এ আয়োজন দুই প্রতিষ্ঠানের মধ্যকার মৈত্রী ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
তিনি এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষার্থী ও টেকনিক্যাল কর্মকর্তাদের পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের রক্তিমা, তারুণ্য ও গ্রিন ভয়েসের সদস্যদের ধন্যবাদ জানান।
উপাচার্য বলেন, “মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোর চেয়ে বড় মানবিক কাজ আর কিছু হতে পারে না। রক্তদান একটি মহৎ উদ্যোগ। এই কার্যক্রমের মাধ্যমে অসহায় ও চিকিৎসাপ্রত্যাশী মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসাসেবা ও অন্যান্য প্রয়োজনে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
আয়োজকরা জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রতি চালু হওয়ায় সেখানে রক্তের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদাতাদের উদ্বুদ্ধ করা এবং একটি মানবিক রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তুলতেই এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে চর্ম, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, সাধারণ শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠা এ আয়োজন যেন চিকিৎসাসেবার পাশাপাশি মানবিকতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং স্বেচ্ছায় রক্তদান ও মানবসেবায় আরও বেশি মানুষ সম্পৃক্ত হবেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |