কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে প্রতিদিনই কঠোর প্রস্তুতিতে ব্যস্ত কুষ্টিয়ার শিক্ষার্থীরা। সীমিত আসনের বিপরীতে হাজারো প্রতিযোগীর লড়াইয়ে শুধু পড়াশোনাই নয়, পরীক্ষার হলের পরিবেশ, সময় ব্যবস্থাপনা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। সেই বাস্তব অভিজ্ঞতা আগেভাগেই শিক্ষার্থীদের মধ্যে তৈরি করতে কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদলে আয়োজন করা হয়েছে সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের দ্বিতীয় মডেল টেস্ট।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া কলোকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ মডেল টেস্টে অংশ নেন দুই হাজারের বেশি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদলে নৈর্ব্যক্তিক (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের ধরন দ্রুত অনুধাবন করা এবং পরীক্ষার চাপ সামলে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার অনুশীলন করেন ভর্তি-প্রত্যাশীরা।
আয়োজকদের ভাষ্য, নিয়মিত মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের শুধু পড়াশোনার অগ্রগতি যাচাই নয়, বরং প্রকৃত ভর্তি পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতিও তৈরি করা হচ্ছে। একই সঙ্গে কোন বিষয়ে দুর্বলতা রয়েছে, কোথায় সময় বেশি লাগছে কিংবা ভুলের প্রবণতা কোন জায়গায়—এসব বিষয় চিহ্নিত করার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
সোহান’সের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ ১৮ বছর ধরে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ সময়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সোহান’স থেকে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন ৫৮৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ১০৯ জন।
মডেল টেস্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকেরই অভিমত, শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি এমন পরীক্ষার আয়োজন তাদের প্রকৃত ভর্তি পরীক্ষার চাপ ও পরিবেশ সম্পর্কে আগেভাগে ধারণা দিচ্ছে। ফলে নিজের প্রস্তুতির ঘাটতি চিহ্নিত করে শেষ সময়ে আরও কার্যকরভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
শিক্ষাবিদদের মতে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করতে বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি নির্ধারিত সময়ে সর্বোচ্চসংখ্যক প্রশ্ন সঠিকভাবে উত্তর দেওয়ার দক্ষতাও গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় ধারাবাহিক মডেল টেস্ট শিক্ষার্থীদের পরীক্ষামুখী প্রস্তুতিতে সহায়ক হতে পারে।
সোহান’স কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত ক্লাস, বিষয়ভিত্তিক অনুশীলন ও ধারাবাহিক মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি আরও শাণিত করার উদ্যোগ অব্যাহত থাকবে। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাই হবে সেই প্রস্তুতির প্রকৃত মূল্যায়নের মঞ্চ। তার আগে মডেল টেস্টের প্রতিটি প্রশ্নপত্র যেন শিক্ষার্থীদের জন্য হয়ে উঠছে নিজেদের সক্ষমতা যাচাইয়ের একটি করে মহড়া।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |