| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন উৎসবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-10-2026 ইং
  • 1750 বার পঠিত
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন উৎসবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
ছবির ক্যাপশন: তিন দিনের আয়োজন সামনে রেখে পুলিশের যৌথ অভিযান, মাদকমুক্ত পরিবেশে সাধুসঙ্গ চান প্রকৃত লালনভক্তরা

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের উৎসব শুরু হচ্ছে আগামী ১৭ অক্টোবর। এ উৎসবে দেশ-বিদেশের হাজারো বাউল, সাধক ও লালনভক্তের সমাগম ঘটে। তবে বছরের পর বছর ধরে এ আয়োজনকে ঘিরে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ উৎসবের পবিত্র আবহকে প্রশ্নবিদ্ধ করেছে। এবার সেই চিত্র বদলাতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে মাঠে নেমেছে পুলিশ ও প্রশাসন।

রোববার থেকে শুরু হওয়া অভিযানের ধারাবাহিকতায় সোমবারও ছেঁউড়িয়ার আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছে। প্রশাসনের প্রত্যাশা, কঠোর নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমে এবারের লালন উৎসবকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।

স্থানীয়দের অভিযোগ, লালন উৎসব এলেই আখড়াবাড়ির উন্মুক্ত মঞ্চ ও আশপাশের এলাকায় রাতভর মাদক সেবন এবং কেনাবেচার দৃশ্য দেখা যায়। এতে প্রকৃত বাউলসাধক ও সচেতন দর্শনার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের মতে, মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও আত্মশুদ্ধির দর্শনে সমৃদ্ধ লালনচর্চার সঙ্গে মাদককেন্দ্রিক পরিবেশ কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

নাম প্রকাশ না করার শর্তে ছেঁউড়িয়া এলাকার এক ব্যবসায়ী বলেন, ‘সারাদেশের মানুষের কাছে লালন মেলা মানেই যেন মাদকের আড্ডা—এমন একটি ধারণা তৈরি হয়েছে। প্রতিবছর আলোচনা মঞ্চের আশপাশে রাতভর মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ ওঠে। এটা অত্যন্ত লজ্জাজনক। আমরা চাই, এবার লালন মেলায় যেন মাদক না থাকে।’

উৎসবের আগেই আখড়াবাড়ি ঘুরতে আসা এক দর্শনার্থীও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, উৎসবের সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে গাঁজার গন্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এ কারণে আগেভাগেই বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন। তাঁর দাবি, মঞ্চ তৈরির আশপাশেও কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখা গেছে। পরে সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ করেন তিনি।

স্থানীয় লোকজনের ভাষ্য, লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে বিভিন্ন বয়সী অসংখ্য ভক্ত আখড়াবাড়িতে সমবেত হন। তাঁদের মধ্যে কিছু মানুষ উন্মুক্ত মঞ্চ ও আশপাশের এলাকায় ছোট ছোট দলে বসে মাদক সেবন করেন বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে প্রকৃত সাধুসঙ্গ ও আধ্যাত্মিক চর্চার পরিবেশ ব্যাহত হয়। সচেতন নাগরিকদের প্রশ্ন, লালনের মানবতাবাদী দর্শনের স্মরণোৎসবে মাদককেন্দ্রিক এমন পরিবেশ কেন থাকবে?

শরীয়তপুর থেকে কয়েক দিন আগেই আখড়াবাড়িতে এসেছেন এক প্রবীণ লালনভক্ত। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘সাঁইজির জন্য মনডা খুব আনচান আনচান করছিল। তাই আত্মার একটু শান্তির জন্য কয়েক দিন আগেই এসে জায়গা জুড়েছি।’

মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘গাঁজার সঙ্গে ফকির লালনের কোনো সম্পর্ক নেই। প্রকৃত সাধুভক্তরা মাদকসেবীদের ওই জায়গায় যান না। মাদকসেবীদের কারণে আমাদের সাধুসঙ্গ ব্যাহত হয়। আমরাও চাই, মাদকমুক্ত অনুষ্ঠান হোক।’

অভিযানে পুলিশ-প্রশাসনের যৌথ তৎপরতা

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পুলিশ সুপারের নির্দেশনায় লালন উৎসবকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রোববার ডিবি, পুলিশ ও এসআরবিসহ ৯৫ সদস্যের একটি দল যৌথ অভিযানে অংশ নেয়। সোমবারও জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের সমন্বয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি দল অভিযান চালায়।

তিনি বলেন, লালনভক্তদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদকমুক্ত উৎসব আয়োজনের প্রত্যয়

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন, ‘এবার মাদকমুক্ত লালন উৎসব আয়োজনের জন্য পুলিশ ও প্রশাসন একসঙ্গে কাজ করছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।’

লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের আয়োজন ঘিরে প্রশাসনের এই তৎপরতা স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তাঁদের আশা, এবার শুধু অভিযানেই সীমাবদ্ধ থাকবে না উদ্যোগ; উৎসবের পুরো সময়জুড়ে কার্যকর নজরদারি, মাদক কেনাবেচা প্রতিরোধ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

লালনের গান ও দর্শনের মূল সুর ছিল মানুষের ভেতরের মানুষকে খুঁজে পাওয়া। সেই মানবিক দর্শনের স্মরণোৎসব যেন মাদকের কোলাহলে ম্লান না হয়—এটাই এখন প্রকৃত বাউলসাধক, স্থানীয় বাসিন্দা ও সচেতন দর্শনার্থীদের প্রত্যাশা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম