কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
হোটেল–রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, শ্রম আইন কার্যকর, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা এবং ঈদ উৎসবের পূর্ণ বোনাস প্রদানের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক মোড়ে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন (বি–২১২৬)-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি রমজান বিশ্বাস এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক সোলায়মান পারভেজ।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আসাদুল হক, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিয়াকত মৃধা, সহ-সাধারণ সম্পাদক এস এম বিল্লাল, অর্থ সম্পাদক মৃত্যুঞ্জয় পাল, মজমপুর শাখার সভাপতি জনি শেখ ও সাধারণ সম্পাদক রবিন খাঁসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের হোটেল–রেস্তোরাঁ খাতের শ্রমিকরা দীর্ঘদিন ধরে অমানবিক কর্মপরিবেশ, অতিরিক্ত কর্মঘণ্টা এবং অত্যন্ত স্বল্প মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। সরকার এই খাতের জন্য নিম্নতম মজুরি ঘোষণা করলেও অধিকাংশ প্রতিষ্ঠানে তা বাস্তবায়ন করা হচ্ছে না। অনেক শ্রমিককে নিয়োগপত্র বা পরিচয়পত্র দেওয়া হয় না, এমনকি ৮ ঘণ্টা কর্মদিবসও কার্যকর করা হয় না। ফলে শ্রম আইন প্রকাশ্যে লঙ্ঘিত হচ্ছে এবং শ্রমিকরা চরম অনিশ্চয়তা ও বঞ্চনার মধ্যে জীবনযাপন করছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, পবিত্র রমজান মাসে অনেক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে এবং অনেক প্রতিষ্ঠানে ঈদ বোনাস দেওয়ার ক্ষেত্রেও মালিকপক্ষ নানা অজুহাতে গড়িমসি করছে। এতে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তারা অবিলম্বে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা এবং ঈদ উপলক্ষে পূর্ণ বোনাস প্রদানের দাবি জানান। পাশাপাশি শ্রম আইন কার্যকর করতে সরকারের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন নেতারা।
সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মজমপুর ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে ঝাউতলা মোড় ঘুরে রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |