মেহেরপুর প্রতিনিধি:
ঝুম বৃষ্টি যেন থামাতে পারেনি উচ্ছ্বাসের জোয়ার। কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মেহেরপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শত শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রবল বর্ষণ উপেক্ষা করে দলীয় পতাকা ও ব্যানার হাতে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন মেহেরপুর শহরের প্রধান সড়কগুলো। বৃষ্টিভেজা বিকেলেও তাদের প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেন, “যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই কমিটি আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ক্রমেই আরও সুসংগঠিত ও শক্তিশালী হচ্ছে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের অংশগ্রহণ বাড়ছে এবং নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।” তিনি নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান।
সমাবেশে জেলা যুবদল, উপজেলা যুবদল এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিনের বৃষ্টি ভেজা বিকেলে নেতাকর্মীদের সরব উপস্থিতি, স্লোগানের উদ্দীপনা এবং সংগঠনের প্রতি অঙ্গীকারে মেহেরপুর শহর যেন পরিণত হয় এক রাজনৈতিক উৎসবের মঞ্চে। আনন্দ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে যুবদলের নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি সমর্থন জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ পথচলায় ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |