দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি | জনিরুল ইসলাম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩ নম্বর খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খলিসাকুন্ডি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন। মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে চান।
স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে ইকবাল হোসেন বলেন, খলিসাকুন্ডি ইউনিয়নকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক নেতৃত্ব। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করে সুস্থ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা তাঁর অন্যতম অগ্রাধিকার।
তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা, স্কুল-কলেজের শিক্ষার পরিবেশ উন্নত করা, অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন। পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা এবং অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
ইকবাল হোসেনের ভাষ্য, উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট কিংবা অবকাঠামো নির্মাণ নয়; মানুষের জীবনমানের পরিবর্তন, শিক্ষার প্রসার, নিরাপদ সামাজিক পরিবেশ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাও প্রকৃত উন্নয়নের অংশ। তাই তিনি দল-মতনির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে আগ্রহী।
তিনি আরও মনে করেন, একটি সম্ভাবনাময় ইউনিয়নকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ, প্রবীণদের অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে। জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নই হওয়া উচিত জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।
আসন্ন নির্বাচনকে ঘিরে নিজের প্রত্যাশা তুলে ধরে মো. ইকবাল হোসেন বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে খলিসাকুন্ডি ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, অন্যায় ও বৈষম্যমুক্ত একটি মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবেন।
এখন দেখার বিষয়, তাঁর এই উন্নয়ন ভাবনা ও অঙ্গীকার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় ভোটারদের মধ্যে কতটা সাড়া জাগাতে পারে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |